জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং গোপালগঞ্জে অতিরিক্ত সাত প্লাটুনসহ মোট ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জসহ দেশের মোট সাতটি জেলায় এই মুহূর্তে ৪৯ প্লাটুন আনসার সদস্য মাঠপর্যায়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও সমন্বিত পরিকল্পনা অনুযায়ী এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের মোট সাতটি জেলার মধ্যে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে চার প্লাটুন, খুলনায় চার প্লাটুন, মাদারীপুরে চার প্লাটুন এবং শরীয়তপুরে চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।
নিযুক্ত এসব সদস্য জেলার কৌশলগত পয়েন্ট, জনসমাগমস্থল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় কাজ করছেন। এছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে তারা নিয়োজিত রয়েছেন।
সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত টহল, স্থির অবস্থান, মোবাইল মুভমেন্ট ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনসাধারণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতিও রয়েছে তাদের।