রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান এবং একই দিনে পরিবর্তন আনা হয়েছে বেশ কয়েকজন সেনা কর্মকর্তার দায়িত্বে। বিটিআরসির পূর্বের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করে এই নতুন প্রজ্ঞাপন দেওয়া হয়।
যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ওয়াহিদ-উজ-জামান বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এর আগে গত ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এমদাদ উল বারীকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রদূত করার উদ্দেশ্যে মেজর জেনারেল হাফিজুর রহমান ও সাঈদ আনোয়ার মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ৫ মেজর জেনারেলের নতুন পদায়নের প্রজ্ঞাপনও জারি করা হয়।