ন্যূনতম মজুরি ত্রিশ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। শ্রমিকদের এই আন্দোলনের মুখে নিরাপত্তার স্বার্থে আজ অন্তত পঞ্চাশটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সকালে অধিকাংশ কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশ করে উৎপাদনকাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। সকাল আটটার পরিবর্তে সকাল সাতটায় কারখানা চালুর সিদ্ধান্তের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন। এছাড়া কাঠগড়া এলাকায় কিছু শ্রমিক সড়ক ও কারখানার সামনে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, পরিস্থিতি বিবেচনায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে শ্রম আইনের তেরো এর এক ধারায় এগারোটি কারখানা বন্ধ রয়েছে এবং নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও দুটি কারখানায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, মালিকপক্ষ শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়ার চিন্তা করলেও শ্রমিকদের কর্মবিরতির মুখে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। অন্যদিকে, পাশের শিল্পাঞ্চল গাজীপুরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং সেখানে আশির ভাগ কারখানার শ্রমিক কাজে যোগ দিয়েছেন।