চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল পরিবর্তনের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার রাতে তাদের আটকের পর গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি শনিবার প্রকাশ্যে আসে।
কারাগারে যাওয়া তিন কর্মকর্তা-কর্মচারী হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক এবং স্ক্যানিং বিভাগের অস্থায়ী কর্মী ফরহাদুল ইসলাম ও শহিদুল আলম। জালিয়াতির ঘটনায় শিক্ষা বোর্ডের করা আগের মামলার এজাহারে তাদের নাম না থাকলেও, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, এই তিনজনকে আটকের ফলে তদন্তে বড় অগ্রগতি হয়েছে এবং এই অনিয়মের সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য মিলেছে।
এর আগে, এক পরীক্ষার্থী ১০ বিষয়ে ফেল করার পরও নম্বর বাড়িয়ে তাকে পাস করানোর অভিযোগে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক। ওই মামলায় বোর্ডের কম্পিউটার সেলের তিনজন কর্মী ও এক শিক্ষার্থীকে আসামি করা হয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, নম্বর জালিয়াতি করে ওই শিক্ষার্থীকে জিপিএ চার দশমিক ৯৪ দেওয়া হয়। এর মধ্যে উচ্চতর গণিতে শূন্যের বদলে ছেচল্লিশ, পদার্থবিজ্ঞানে শূন্যের বদলে পঁয়তাল্লিশ এবং সাধারণ গণিতে নয়ের পরিবর্তে ছেষট্টি নম্বর বসানো হয়। এছাড়া অন্যান্য বিষয়ের নম্বরও বাড়ানো হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক জানান, খাতা পুনর্নিরীক্ষণের সময় প্রাপ্ত নম্বরের সঙ্গে প্রকাশিত ফলাফলের অমিল পাওয়া গেলে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়। পরে ওই শিক্ষার্থীর ফল স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।