লাতিন আমেরিকার দেশ পেরুতে শুক্রবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক নয়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটা নয় মিনিটে দেশটির মধ্যাঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। রাজধানী লিমা ছাড়াও হুয়ানুকো ও কায়াও অঞ্চলে কম্পন টের পাওয়া যায় এবং আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, জুনিন অঞ্চলের ওন্দোরেস শহর থেকে ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে ছিল এই ভূকম্পনের উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৪২ কিলোমিটারের বেশি। অন্যদিকে দেশটির ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জানিয়েছে, উৎপত্তিস্থল ছিল জুনিন শহর থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং গভীরতা ছিল ১২৯ কিলোমিটার।
মার্কিন ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা বা বিপদের আশঙ্কা নেই। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান হার্নান্দো তাভেরা জানিয়েছেন, কম্পন তীব্র থাকায় পাহাড়ি ঢালে ভূমিধস ও পাথর ধসের ঘটনা ঘটেছে।
ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দেশটির জরুরি কার্যক্রম কেন্দ্র জানিয়েছে, বিভিন্ন এলাকায় কম্পন মাঝারি থেকে তীব্রভাবে অনুভূত হয়েছে।