বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার কয়েকটি গ্রামের বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে এসব ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, তাদের অনেকের বাড়িতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছেন কালিয়া উপজেলার সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িও।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম দাবি করেছেন, ফেসবুকে যা দেখা যাচ্ছে তার সবই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এবং এমন কোনো ঘটনাই ঘটেনি। অন্যদিকে কালিয়া থানার পরিদর্শক প্রদীপ মালাকার জানান, বিএনপির দুজন নেতাকে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা চার থেকে পাঁচটি বাড়িতে আগুন দেয় এবং ১৫ থেকে ১৬টি বাড়ি ভাঙচুর করে। গত পাঁচই আগস্টের পর যেসব বাড়িতে হামলা হয়েছিল, সেগুলোর কয়েকটিতেই শুক্রবার আবার হামলা হয়েছে বলে উল্লেখ করে পুলিশ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে পুলিশ সদর দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শওকত আলী জোদ্দার জানিয়েছেন, বেন্দারচরে বেশ কিছু বাড়িতে আগুনের ঘটনা ঘটলেও অধিকাংশ জায়গাতেই আগুন নিজ থেকেই নিভে গেছে এবং ফায়ার সার্ভিসের সব জায়গায় যাওয়ার প্রয়োজন হয়নি। প্রথম আলোর তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের হিসাবে বিশ থেকে ত্রিশটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
নড়াইলের বাড়িঘরে অগ্নিসংযোগের এই ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মানুষের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরীহ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হওয়া স্বাভাবিক, আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়। এ সময় তিনি দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।