শুক্রবার ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সামরিক বাহিনীর ইতিহাসের একটি অত্যন্ত গৌরবময় ও অবিস্মরণীয় অধ্যায়। তিনি উল্লেখ করেন যে, দেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে দখলদারদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছিলেন।
প্রধানমন্ত্রী জানান, তৎকালীন মেজর ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, যা এই ইতিহাসের একটি অনন্য ঘটনা। ১৯৭১ সালের রণাঙ্গনে বীরত্বপূর্ণ ভূমিকা এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ইতিবাচক ভূমিকার কথা তিনি বিশেষভাবে স্মরণ করেন। এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগে এই বাহিনী আস্থার প্রতীক হয়ে কাজ করছে বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও সামরিক বাহিনীকে আধুনিক ও পেশাদার হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া অব্যাহত ছিল। বর্তমান সরকারও সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি নির্ভর ও গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের শান্তিরক্ষীদের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেন তিনি।
পরিশেষে প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।