কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রাম ও গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি এবং বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২১ নভেম্বর রাতে উপজেলার আদর্শগ্রাম এলাকায় দুটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই অটোরিকশাচালককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
রোববার সকালে টেকনাফ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বটতলী থেকে আদর্শগ্রামের দিকে অস্ত্র ও বিস্ফোরকের একটি চালান নেওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে কয়েকটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় একটি কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালকরা মালামাল সামনের মোটরসাইকেল আরোহীদের বলে জানায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলের দিকে এগোলে আরোহীরা পালানোর চেষ্টা করেন এবং বিজিবি ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যান।
পরে অটোরিকশা দুটি ব্যাটালিয়ন সদরে এনে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি এবং বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা উদ্ধার করা হয়। এ ছাড়াও ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গানপাউডার, বিভিন্ন দানার আরও ৬ কেজি ৬০৯ গ্রাম বিস্ফোরক, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল, ৩ কেজি পেরেক, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি টুল বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স জব্দ করা হয়।
অভিযানে আটক দুজন হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার মো. মেহেদী হাসান এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. ইব্রাহিম। বিজিবি কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, অস্ত্র ও বিস্ফোরকগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল তা তদন্তাধীন রয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।