দেশে নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এবং জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) থেকে এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। এর প্রথম দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হতে পারে।
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন বিক্ষোভ ও সহিংসতার প্রেক্ষাপটে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছে সরকার। গত সপ্তাহে জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এই সংলাপের আয়োজন করা হয়েছে।
এনসিপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। যুক্তরাজ্য সফর শেষ করে রোববার নাহিদ ইসলামের দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে পৌঁছানোর পর আলোচনা করে প্রতিনিধি দলের চূড়ান্ত সদস্য তালিকা ঠিক করা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জামায়াতে ইসলামীসহ সংসদের ভেতরে ও বাইরে থাকা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে সংলাপ অনুষ্ঠিত হবে। তবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকায় আগামী ২৬ নভেম্বরের পর তাদের সঙ্গে বৈঠক হতে পারে। দলগুলোর সুবিধা ও পরিস্থিতি বিবেচনা করে পৃথক বা যৌথভাবে এই আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এনসিপি এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে।