লগইন
লগইন
আন্তর্জাতিক

তুরস্কে কপ-৩১ সম্মেলনের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ এর উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে এসে পৌঁছালে আয়োজকরা তাকে অভ্যর্থনা জানান।

উদ্বোধনী পর্বের আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে জড়ো হওয়া বিশ্বনেতারা পারস্পরিক বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন। এই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

লিডার্স লাউঞ্জে সংক্ষিপ্ত কুশল বিনিময়ে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ওআইসি মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ ও লন্ডনের মেয়র সাদিক খান। এ ছাড়া মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গেও তার কথা হয়। পাশাপাশি ইন্দোনেশীয় প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করতে বিশ্বজুড়ে রাষ্ট্রনেতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। এর আগে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কে আসেন প্রধানমন্ত্রী। প্রধান এই আসরের ফাঁকে কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি নির্ধারিত রয়েছে।

Related posts

পাকিস্তানের কোহাটে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ডিএসপিসহ নিহত ১০

mdjhsagor0099@gmail.com

ভারতের জম্মু-কাশ্মীরে সিআরপিএফ চৌকিতে সন্ত্রাসী হামলায় আহত তিন সদস্য

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন