নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বৃহস্পতিবার ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত জানিয়েছে, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার রাষ্ট্র হিসেবে গণহত্যা চালিয়েছে। আদালতে এই প্রথম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার সুনির্দিষ্ট রায় দেওয়া হলো। গাম্বিয়ার দায়ের করা মামলায় এই রায় দেন আইসিজে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া।
রায় পড়ার সময় বিচারক ইউজি ইওয়াসাওয়া জানান, সমস্ত তথ্যপ্রমাণ বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, মিয়ানমারের দমন-পীড়ন ও সহিংসতার একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা হলো রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়। ২০১৭ সালে সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর নামে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং গ্রাম ও বসতি পুড়িয়ে দেওয়া হয়েছে।
আদালত আরও উল্লেখ করেছে, চরম নৃশংসতার মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, তখনও তাদের ওপর হামলা চালায় মিয়ানমার বাহিনী। সহিংসতায় ১০ হাজার রোহিঙ্গার প্রাণহানির বিষয়টি তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত হয়েছে বলে নিশ্চিত করেছে আদালত। এই মামলাটির কারণে অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল।
এই রায়ের ফলে মিয়ানমার রাষ্ট্র রোহিঙ্গা জনগোষ্ঠীর এই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে বলে জানিয়েছে আদালত। ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া এই মামলাটি দায়ের করেছিল। আদালতের এই চূড়ান্ত রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না বলে জানানো হয়েছে।