গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, খাবার খোলা রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্টদের মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনিসুর রহমান ও সুজন মিয়াকে অভিযুক্ত করে মোট দুটি মামলা দায়ের করা হয়। উভয় মামলায় মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় হোটেল ও রেস্তোরাঁর পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, খাবার ঢেকে রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন সনদ সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।