দেশের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল তিনটায় পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই কার্যক্রমের সূচনা হয়।
পরীক্ষামূলক সংযোগের প্রথম ধাপে বিকাল তিনটা ষোল মিনিটে ইউনিটটি গ্রিডের সঙ্গে যুক্ত হয় এবং কিছু সময় পর উৎপাদন সাড়ে তিনশ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখার জন্য সরবরাহ তিনশ মেগাওয়াটে স্থির রাখা হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এই বিদ্যুৎ প্রায় আট থেকে দশ ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হবে এবং এ সময় টারবাইন ও জেনারেটরের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে।
বিভিন্ন কারিগরি পরীক্ষা শেষে কেন্দ্রটিকে সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টা সংযুক্ত করে পরীক্ষা চালানো হবে। সব পরীক্ষা সন্তোষজনক হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরবর্তী কার্যক্রম শুরু হবে। রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী দশ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
উল্লেখ্য, ২৪০০ মেগাওয়াট মোট ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রটির প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।