আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দেশকে ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এছাড়া চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে উদ্ভাবক হয়ে ওঠার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনী কাজের জন্য অর্থসংকট দূর করতে সরকারের পক্ষ থেকে পাঁচশত কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রয়োজন সাপেক্ষে ভবিষ্যতে এই তহবিলের পরিমাণ আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।
পরে লালমনিরহাটে নির্ধারিত আরেকটি কর্মসূচিতে অংশ নেন সরকারপ্রধান। সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে দুপুর বারোটার দিকে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্প উদ্বোধন করার পাশাপাশি স্থানীয় একটি জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালের দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছান।