আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রোহিঙ্গা গণহত্যার রায়টি গুরুত্বের সঙ্গে নজরে নিয়েছে ভারত। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়াদিল্লির এই অবস্থানের কথা জানান।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, জাতিসংঘের এই আদালতের রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ বা দেশটির সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে ভারতের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা রয়েছে কি না।
জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী যেন নিরাপদে এবং টেকসইভাবে নিজ ভূমিতে ফিরে যেতে পারে, সেই বিষয়ে ভারত তার আগের ধারাবাহিক নীতিতেই অটল রয়েছে।
তবে মিয়ানমারের সঙ্গে সরাসরি নতুন কোনো কূটনৈতিক যোগাযোগের বিষয়ে সুনির্দিষ্ট কিছু উল্লেখ না করে রণধীর জয়সওয়াল রোহিঙ্গা সংকট মোকাবিলায় অতীতে ভারতের নেওয়া দুটি বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি জানান, এর আগে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ‘অপারেশন ইনসানিয়াত’ প্রকল্পের আওতায় পাঁচ দফায় ত্রাণসহায়তা পাঠিয়েছিল ভারত। এছাড়া সংকট সমাধানে মিয়ানমারের ভেতরে ‘রাখাইন স্টেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর মতো উন্নয়নমূলক উদ্যোগেও ভারতের সমর্থন রয়েছে বলে জানান তিনি।