গত ২১ আগস্ট ২০২৬ সাভারের BRAC CDM (BRAC Centre for Development Management)-এ ইউজিসির Higher Education Acceleration and Transformation (HIT) Project-এর আওতায় আয়োজিত দুই দিনব্যাপী ‘Vice Chancellors’ Dialogue: Shaping the Future of Higher Education’ অনুষ্ঠানের প্রথম দিনে উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় সভায় বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠদান ও গবেষণার সক্ষমতা নিয়ে মন্তব্য করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নুরুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় পড়ানোর মতো যে চিন্তা-চেতনা ও রিসার্চ দরকার, তা বিসিএস শিক্ষা ক্যাডারের অফিসারদের মধ্যে নেই।”
উপাচার্যের এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের শিক্ষাঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবাদস্বরূপ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে শিক্ষা ক্যাডারদের কালো ব্যাজ ধারণ কর্মসূচির বিপরীতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাল প্রোফাইল এবং হ্যাসট্যাগ ব্যাবহার কর্মসূচি নিতে দেখা গেছে।
এর মাধ্যমে শিক্ষার্থীরা উপাচার্য ড. নুরুল ইসলামের বক্তব্যের প্রতি সমর্থন জানাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
লাল প্রোফাইল কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাঙলা ক্যাম্পাসের শিক্ষার্থী মো. আরমান হোসেন বলেন, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও উপাচার্যের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এ ধরনের কোনো ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এগিয়ে যাবে।”
- ঢাকা