লগইন
লগইন

৯৯৯-এ কল পেয়ে পুলিশ এলেও থামেনি হামলা: সাঘাটায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হাসপাতালে

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামে পৈতৃক জমি দখলের উদ্দেশ্যে এক বৃদ্ধের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও তাদের সামনেই হামলাকারীরা বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত তাজুল ইসলাম (৫৩) সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, তাজুল ইসলামের কোনো ছেলে না থাকায় তার আপন ভাই সেকেন্দার আলী ওই সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে আসছিলেন। গত ৫ নভেম্বর দুপুরে সেকেন্দার ও তার ছেলেরা তাজুলের বাড়িতে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে তাজুলের মেয়ে জামাই জাহিদ হাসান ৯৯৯-এ পুলিশ কল করেন।
​পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিবাদীরা পুলিশের উপস্থিতিতেই তাজুল ও জাহিদ হাসানের ওপর হামলা চালায় এবং মারপিট করে জখম করে। হামলায় বসতঘরের ব্যাপক ক্ষতি হয় এবং হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সাঘাটা থানায় ৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তাজুল ইসলাম।

স্থান:

মন্তব্য করুন