সরকারি বাঙলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক কোর্সের অংশ হিসেবে তুরাগ নদীতে নদীর পানিপ্রবাহ পরিমাপ (স্ট্রিমফ্লো মেজারমেন্ট) কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সম্প্রতি ঢাকার আমিনবাজার সেতুর নিকটবর্তী তুরাগ নদীর একটি নির্দিষ্ট স্থানে আয়োজিত এ মাঠকর্মে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) সহযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেন।
মাঠকর্মটি তত্ত্বাবধান করেন সরকারি বাঙলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রিপন আলী।
মাঠকর্মে শিক্ষার্থীরা নদীর পানির বেগ ও গভীরতা নির্ণয়, পানিপ্রবাহ পরিমাপ এবং সংশ্লিষ্ট উপাত্ত সংগ্রহের পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন। এ কার্যক্রমের মাধ্যমে শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ পান তাঁরা।
শিক্ষার্থীরা জানান, এ ধরনের ব্যবহারিক কার্যক্রম তাঁদের পাঠ্যবিষয় সম্পর্কে বাস্তব ধারণা অর্জন এবং একাডেমিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নদীর পানিপ্রবাহ পরিমাপের মতো কারিগরি বিষয়ে সরাসরি মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যৎ গবেষণা ও পেশাগত প্রস্তুতিতে সহায়ক হবে।
- ঢাকা