সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে অস্ত্রসহ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটার পর তাকে বিজিবির হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত টহলের সময় শূন্যরেখা থেকে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পান বিজিবি সদস্যরা। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে বিছনাকান্দি বিওপি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, আটকের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে তাদের দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।