ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৮) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এই সহিংসতার ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে ঢাকা-বরিশাল মহাসড়ক আটকে দেয়। এ সময় স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং আশপাশে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। পরে মিছিল থেকে ছোঁড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নেতার মৃত্যু হয়। এদিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল রাতে হাসপাতালে গিয়ে নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথা জানান। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ওই নেতাকে একা পেয়ে হত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, নিহতের শরীরে গুলি অথবা ককটেলের আঘাত রয়েছে, যা ময়নাতদন্ত ও তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে।