নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে এবং তৃণমূলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান এবং পরিচালনা করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান।
বৈঠকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী তাঁর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে বক্তব্য দেন। এ ছাড়া গয়েশ্বর চন্দ্র রায় বিগত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সভায় কয়েকজন সংসদ সদস্য প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুললে প্রধানমন্ত্রী উষ্মা প্রকাশ করেন। তিনি জানান, সরকারি দলের সংসদ সদস্যরা যে প্রশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে বিজয়ী হয়ে এসেছেন, সেই প্রশাসন তাদের কথা শুনতে বাধ্য। কোনো সমস্যা হলে তা তাঁকে জানানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৈঠকে বক্তব্য দিয়ে জানান, সরকার অতিরিক্ত বল প্রয়োগ না করলেও সারা দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে অচিরেই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় অংশ নেওয়া অন্যান্য সংসদ সদস্যদের মধ্যে বক্তব্য দেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন ও এ বি এম মোশাররফ হোসেন।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনীতিতে আবেগের কোনো অবকাশ নেই এবং বিপুল জনসমর্থনের আত্মবিশ্বাস নিয়ে সবাইকে মাঠে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ অতীতে মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে এবং বর্তমানেও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, যা রাজপথ থেকেই মোকাবিলা করতে হবে।