চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো: মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে কারা হেফাজতে রাখা এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া অনুসরণের জন্য সাত দফা প্রস্তাব দেওয়া হয়েছে।
নোটিশদাতা আইনজীবী উল্লেখ করেছেন যে তিনি কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট পক্ষের হয়ে এই উদ্যোগ নেননি। বরং সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার তাগিদে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক এবং জাতীয় নিরাপত্তার সংবেদনশীল তথ্য সম্পর্কে শেখ হাসিনার জানাশোনা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তার দীর্ঘ অবস্থান এসব গোপন তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক নানা ঐতিহাসিক দৃষ্টান্ত টেনে নোটিশে সতর্ক করা হয়েছে যে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের প্রতিবেশী রাষ্ট্রে দীর্ঘকালীন অবস্থান আঞ্চলিক উত্তেজনা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকি বাড়ায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা বা সামরিক সংঘাতের শঙ্কা এড়াতে তাকে দ্রুত দেশের সার্বভৌম এখতিয়ারে ফিরিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে কূটনৈতিক পত্র বা নোট ভার্বাল পাঠানো এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আত্মসমর্পণের সুযোগ তৈরির প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে এই নোটিশের বিবাদী করা হয়েছে। আগামী পনেরো দিনের মধ্যে প্রস্তাবিত পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে বিষয়টি জানানোর দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংবিধানপ্রদত্ত অধিকার রক্ষায় হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।