কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার এসপি জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করে তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল। প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাঁর মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে শনিবার রাতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম। নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাদের কাছে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। মামলাটি বর্তমানে বিশেষ ইউনিট বা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে।
২৮তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।