রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এই আগুন লাগে এবং তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, বিকেল ৫টা ২৮ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ চালায়।
ছোট কাটারা এলাকার শামসুল হক টাওয়ারের বিপরীতের এই ভবনের গুদামটিতে বিভিন্ন প্লাস্টিক সামগ্রী সংরক্ষণ করা হতো বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক।
তবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া শেষ পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।