তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান, জলবায়ু অর্থায়ন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। প্রধানমন্ত্রী জানান, প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, পরিবেশ ও সমাজের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অভিযোজন কার্যক্রমে সহায়তা, অভিবাসন এবং অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং কৃষি খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কপ-৩১ প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে দেশটির সহযোগিতা চান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান।