পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এই সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬ লাখ টাকা। গত মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় এই বিদ্যুৎ সরবরাহ করা হয়। জাতীয় সঞ্চালন লাইন সূত্র জানায়, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে তা সচল রাখা হয়েছিল। এই কার্যক্রম শেষ হওয়ার পর প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে আলাদা করা হয়েছে।
বর্তমানে পরীক্ষামূলক চালনার সময় পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ চলছে। অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম ও যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করে পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা করা হবে। প্রকল্পসংশ্লিষ্টরা মনে করছেন, এই দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রযুক্তিগত প্রস্তুতি ও দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, দ্বিতীয়বারের মতো গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা এই পরিমাণ বিদ্যুৎ দেওয়া অত্যন্ত গর্বের বিষয়। এটি প্রকৌশলী, অপারেটর এবং রাশিয়ান সহযোগীদের যৌথ প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, সর্বোচ্চ নিরাপত্তা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ পরিচালনা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, এই প্রকল্পের দুটি ইউনিট থেকে মোট দুই হাজার চারশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। দুটি ইউনিট সম্পূর্ণ চালু হলে দেশের বিদ্যুৎ খাতের চাহিদা মেটানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।