বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি তার পূর্বনির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। আগামী বৃহস্পতিবার ২৬ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নেওয়ার কারণে তিনি মালয়েশিয়া সফর স্থগিত করেছেন এবং ২৪ নভেম্বর মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে দেশের পথে যাত্রা করেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ ও দলীয় সূত্র জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশের উদ্দেশে বিমান ওঠেন। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আবেগঘন পরিবেশে কুশল বিনিময় করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
অস্ট্রেলিয়া সফরকালে ডা. শফিকুর রহমান সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। প্রতিনিধিদলে তার সঙ্গে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
গত ১৯ নভেম্বর রাতে তিনি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। অস্ট্রেলিয়ায় অবস্থানকালে তিনি সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মতবিনিময়, শিশু-কিশোরদের আনন্দমেলা এবং 'রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা' শীর্ষক সভায় অংশ নেন। এছাড়া ২২ নভেম্বর ক্যাম্পবেলটাউনে 'জুলাই আপraising অ্যান্ড বিয়ন্ড' শীর্ষক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং ২৩ নভেম্বর ক্যানবেরায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।