দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। এর ফলে টানা চার দফায় দেশের বাজারে কমল মূল্যবান এই ধাতুর দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের দাম হ্রাসের কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দর কার্যকর হয়েছে শনিবার সকাল ১০টা থেকে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে ভালো মানের এই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এর আগে গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক হ্রাসের প্রক্রিয়ায় চার দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমেছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য গ্রেডের স্বর্ণের দামও কমেছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হবে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা বলবৎ থাকবে।
বাজুস আরও জানিয়েছে, অলংকারের নকশার ওপর ভিত্তি করে এর সঙ্গে মজুরি যুক্ত হবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট সংযুক্ত থাকায় ক্রেতাদের থেকে কোনো অবস্থাতেই আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরনো অলংকার পরিবর্তন বা ক্রয়ের পূর্বের নিয়ম বহাল রাখা হয়েছে।