ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে শুরু হওয়া ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আসরের ‘ন্যাশনাল কস্টিউম’ বা জাতীয় পোশাক পর্বে দেশের ঐতিহ্যবাহী শাড়ি পরে অংশ নিয়েছেন তিনি। ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ বা মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন এক বন্ধন প্রতিপাদ্যকে সামনে রেখে এই বিশেষ সাজে হাজির হন এই বাংলাদেশি প্রতিযোগী।
সাদা ও লাল রঙের সমন্বয়ে তৈরি ঐতিহ্যবাহী এই পোশাকে মাহিকে সাবেকি গহনা যেমন হাতে বালা, গলায় হার ও মাথায় টিকলিতে দেখা গেছে। পোশাকটির পেছনের অংশে বৃত্তাকার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যধর্মী বিভিন্ন অবয়ব। এই নকশার মাধ্যমে অবিচ্ছিন্ন জীবনচক্র এবং মা ও সন্তানের মধ্যকার অটুট বন্ধনকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।
নিজের পোশাক ও ভাবনা নিয়ে সামিরা খান মাহি জানান, সীমানা ও সংস্কৃতি পেরিয়ে এটি পৃথিবীর প্রতিটি হৃদয়কে স্পর্শ করার মতো একটি গল্প। তার ভাষ্য অনুযায়ী, পোশাকটির প্রতিটি প্রতীক নিঃশর্ত ভালোবাসা, ত্যাগ এবং মাতৃত্বের এক অপূর্ব যাত্রাকে প্রকাশ করে। অসংখ্য মায়ের আত্মত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রতি এটি একটি হৃদয়ছোঁয়া শ্রদ্ধার্ঘ্য বলে উল্লেখ করেন তিনি।
গত ১১ নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের সুন্দরীরা অংশ নিচ্ছেন। আগামী ২৪ নভেম্বর গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীর নাম ঘোষণা করা হবে এবং তার মাথায় মুকুট পরানো হবে। আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব প্রকাশ করেছেন মাহি।সমূহ আয়োজনের মধ্য দিয়ে মা ও মাতৃভূমিকে বিশ্বমঞ্চে উদ্যাপন করছেন তিনি।