ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে পাচার করা অর্থের দ্বিগুণ অর্থাৎ ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানান, মামলায় মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে ১৭ আসামির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক ভূমিমন্ত্রীকে অর্থ আত্মসাতের দায়ে পাঁচ বছর এবং মানিলন্ডারিংয়ের দায়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
রায়ে সাবেক মন্ত্রীর স্ত্রী ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে বিভিন্নজনকে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে একজন খালাস পেয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ভুয়া প্রতিষ্ঠান ‘ভিশন ট্রেডিং’ ও আরও কয়েকটি নামসর্বস্ব কোম্পানির নামে এই অর্থ আত্মসাৎ করা হয়। আরামিট গ্রুপের কর্মচারীদের এসব প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ঋণ নিয়ে পরে তা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছিল। এই ঘটনায় ২০২৫ সালের জুলাই মাসে দুদকের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।
এদিকে রায়ের পর আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন জানিয়েছেন, আদালতের এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।