রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করে রাখা দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে এসে গাড়িটিতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
कार्यालয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। তাদের দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে এবং ভয়ভীতি দেখিয়ে দলটিকে দমিয়ে রাখতে এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, আগুন-সন্ত্রাস করে ফ্যাসিবাদীরা জনবিচ্ছিন্ন হচ্ছে। গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অবিলম্বে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত, গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।