লগইন
লগইন
অন্যান্য

রংপুর ও নাটোরে সোমবার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে আগামী সোমবার (৯ নভেম্বর) রংপুর ও নাটোরের বিভিন্ন এলাকায় টানা আট থেকে নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষ আলাদা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর তথ্য অনুযায়ী, রংপুরে সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা নয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। ১১ কেভি ফিডারের লাইনের পাশের গাছের শাখা-প্রশাখা কাটা এবং রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রংপুরের মাস্টারপাড়া, আদর্শপাড়া, কামারপাড়া, সেনপাড়া, গুপ্তপাড়া, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন, মুলাটোল, জাহাজ কোম্পানী মোড়, জি এল রায় রোড, পায়রা চত্বর, জুম্মাপাড়া ও পলিটেকনিক গেটসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় সোমবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বড়াইগ্রাম-৩ উপকেন্দ্রের ফিডারগুলোর কাজের জন্য এই সময়ে মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমচিলান, মুকিমপুর ও কাঁঠালবাড়িয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন