ময়মনসিংহ জেলার ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর আন্দোলন ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি সামাল দিতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। গত সোমবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাওয়া হলে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং মঙ্গলবার সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে অতিরিক্ত এসব বিজিবি সদস্য মাঠে কাজ শুরু করেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল জানান, জননিরাপত্তা রক্ষা, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে বিজিবি নামানো হয়েছে। তারা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে কাজ করছেন।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন উল্লেখ করেন, ওই অঞ্চলে প্রায় ২৯৬টি কারখানা রয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিরাপদ পরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ অত্যন্ত সতর্ক রয়েছে।
এছাড়া বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তি ব্যবহার করে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয় করা হচ্ছে বলে জানান ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ। আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন।