রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। এতে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী সাইমুম পরিবহনের একটি নৈশকোচ জিগাতলা এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বাসের সুপারভাইজার তিন যাত্রীকে ধাক্কা দিলে তাঁরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন অপর একজন।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
বাসের যাত্রী আতিক ইসলাম জানান, তাঁর কাছে টাকা থাকায় তাঁকে বাস থেকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁকে জিম্মি করে গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে তাঁদের ফেলে দেওয়া হয়।
আতিক আরও জানান, পরে তাঁর চিৎকার শুনে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখতে পান এবং স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে তাঁকেও চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হতো বলে দাবি করেন তিনি।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। তারাগঞ্জ পার হওয়ার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় তাঁকে রক্ষা করতে গেলে মুকুল ও শাকিবকে লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তারাগঞ্জ ফায়ার স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা তাপস রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, জিগাতলায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।
- রংপুর