জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ এ অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সকালে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এর আগে গত মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় যান তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে যোগ দেন এবং উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। সেখানে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি তিনি তুরস্কের প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।