চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের বিষয়ে দুটি শর্তের আভাস দিয়েছে নয়া দিল্লি। বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযಾನের নির্দেশ দেওয়ার অভিযোগে তার অনুপস্থিতিতে এই দণ্ড দেয়।
প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বরাতে বলা হয়, শেখ হাসিনা যেহেতু সামরিক বিমানে ভারতে এসেছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। এটি আকাশপথ বা স্থল সীমান্ত— দুই মাধ্যমেই হতে পারে। দ্বিতীয় শর্ত হিসেবে ভারত জানিয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রী যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়, ঢাকা থেকে সেই নিশ্চয়তা দিতে হবে।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, মুখে প্রত্যর্পণ চাওয়া হলেও ঢাকা আসলে সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চায় না। জ্বালানি সংকট কিংবা গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের মতো সমস্যায় জর্জরিত বাংলাদেশ সরকার আশঙ্কা করছে যে, তিনি ফিরলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। এরই মধ্যে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।
এদিকে এই প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত সোমবারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচার বিভাগের বিষয় এবং আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।