বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে মাইক্রোসফট, যার ফলে ই-মেইল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্যসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ব্যবহারে বিঘ্ন ঘটেছে। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলার সম্পৃক্ততা নেই। মূলত অবকাঠামোর ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির কারণেই এই পরিস্থিতির তৈরি হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট ৩৬৫-এর আওতাধীন টিমস, আউটলুক এবং কোপাইলট সফটওয়্যারে সংযোগজনিত সমস্যা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী চার কোটি মানুষ মাইক্রোসফট ৩৬৫ ব্যবহার করলেও ঠিক কতসংখ্যক ব্যবহারকারী এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানানো হয়নি। তবে ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭৪টি দেশ থেকে ১ লাখ ৪০ হাজার মানুষ আউটলুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হয়েছেন।
এই সেবাব্যাহত হওয়ার প্রভাব ছড়িয়ে পড়েছে অন্যান্য ক্ষেত্রেও। চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এবং অ্যানথ্রোপিক জানিয়েছে, মাইক্রোসফটের সেবার সঙ্গে সংযোগ সমস্যায় তাদের কিছু টুল প্রত্যাশিতভাবে কাজ করছে না। পাশাপাশি সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সরকারি সংস্থা, বৃটেনের জিপি চেম্বার, ফার্মেসি, পুলিশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানও এই সমস্যার মুখে পড়েছে।
মাইক্রোসফট ব্যাখ্যা দিয়েছে যে, সার্ভারের ওপর অতিরিক্ত ট্রাফিকের চাপ তৈরি হওয়ায় অনেক সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে, যা বাকি সার্ভারগুলোর ওপর চাপ বাড়িয়ে দেয়। শুক্রবার সকালে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার প্রাথমিক লক্ষণ দেখা গেলেও, সেবার সক্ষমতা এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বিবিসিকে জানিয়েছেন, ইন্টারনেটের মূল অবকাঠামোয় মাইক্রোসফটের ব্যাপক উপস্থিতির কারণে এই বিপর্যয়ের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী হতে পারে।