যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রণকারী যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় দেশটির সব বিমানবন্দর থেকে বহির্গামী ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার এই জরুরি নির্দেশ জারির ফলে দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক অচলাবস্থা ও বিপর্যয় সৃষ্টি হয়েছে।
এফএএ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর নিজেদের মধ্যে যোগাযোগে সমস্যা দেখা দেওয়ায় বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতা নেওয়া হয়েছে। তবে এই নির্দেশ জারির আগে যেসব উড়োজাহাজ আকাশে ছিল, সেগুলোকে নিরাপদে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোর বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে পৃথক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এই আকস্মিক সিদ্ধান্তের ফলে দেশজুড়ে প্রায় সাত হাজার থেকে ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে অথবা বাতিলের মুখে পড়েছে। এছাড়া এফএএর নির্দেশ জারির সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরের দিকে চার হাজারের বেশি উড়োজাহাজ যাত্রাপথে ছিল। প্রযুক্তিবিদরা এই ত্রুটির কারণ অনুসন্ধানে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, আকাশে থাকা সব ফ্লাইটের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রাথমিক তদন্তে এই ঘটনার পেছনে কোনো পরিকল্পিত হামলা বা নাশকতার প্রমাণ পাওয়া যায়নি এবং বিষয়টিকে প্রযুক্তিগত ত্রুটি হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সব বহির্গামী ফ্লাইট বন্ধের নির্দেশ দেওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসেও এফএএর কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে সাময়িকভাবে এমন স্থগিতাদেশ জারি করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।