লগইন
লগইন
আবহাওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে পরবর্তীতে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, সাগরে তৈরি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নির্দিষ্ট গতিপথ কোন দিকে হবে, তা নিয়ে সংশ্লিষ্টরা এখনো নিশ্চিত নন।

তিনি আরও বলেন, নিম্নচাপ গঠিত হলে এর গতিপথ পরিষ্কার হবে। এখন পর্যন্ত প্রাথমিক পর্যালোচনায় এর সম্ভাব্য পথ ভারতের অন্ধ্র ও উড়িষ্যার দিকে বলে ধারণা করা হচ্ছে, যা নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর আরও স্পষ্ট হবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী চার দিনেও আবহাওয়ার এই অবস্থা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন