সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এসে হোটেলের খাবারের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত ও মালদ্বীপ দল। বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে সেমিফাইনালে উঠেছে ভারত। তবে মাঠের সফল পারফরম্যান্সের মধ্যেও মাঠের বাইরের আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে।
সংবাদ সম্মেলনে ভারতীয় দলের কোচ নওশাদ মুসা জানান, টুর্নামেন্টের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা সন্তোষজনক হলেও খাবারের বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার অভিযোগ, প্রতিদিন ফুটবলারদের একই ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে, যা খেলোয়াড়দের চাহিদার সঙ্গে মেলে না। খেলার দিন ফুটবলাররা ম্যাচের আগে সাধারণত বেশি খাবার খান না বিধায় ম্যাচশেষে তাঁদের পর্যাপ্ত ও উপযুক্ত খাবারের প্রয়োজন হয়।
ভারতের পাশাপাশি আতিথেয়তার মান নিয়ে হতাশা প্রকাশ করেছেন মালদ্বীপের কোচ ইস্তভান উরবানিও। আগের সাফ আসরগুলোর আয়োজনের সঙ্গে তুলনা টেনে তিনি জানান, বর্তমান আয়োজনের মান কিছুটা পিছিয়ে রয়েছে। তবে এমন সমালোচনা করার পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ধন্যবাদ জানাতেও ভোলেননি মালদ্বীপ কোচ।
এদিকে ভারতীয় কোচ নওশাদ মুসা আরও জানান, সকালের নাশতা নিয়ে শুরুতে কিছু সমস্যা থাকলেও পরে তার সমাধান হয়েছে। তবে দুপুর ও রাতের খাবারের মেনু নিয়ে ম্যানেজমেন্ট ও ফেডারেশনের মাধ্যমে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা না থাকলেও ফুটবলারদের হোটেলের বাইরে গিয়ে শহর ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়নি। মালদ্বীপের বিপক্ষে জয়ে দলের গোলরক্ষক প্রিয়াংশ দুবের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় কোচ। নির্দিষ্ট দিনে খেলোয়াড়দের পারফরম্যান্সই সাফল্য নির্ধারণ করবে বলে মনে করেন তিনি।