লগইন
লগইন
জাতীয়

তুরস্কে কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) সম্মেলনস্থলে এসব বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

বুধবার বিকেলে পৌনে ৩টায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে প্রায় আধাঘণ্টা ধরে বৈঠকটি হয়। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এরপর একই দিন বিকেল সাড়ে ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এ বৈঠকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে কপ-৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।

মন্তব্য করুন