লগইন
লগইন
বিশ্বরাজনীতিসর্বশেষ

দেশে ফিরতে নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) তাঁর আইনজীবীদের মাধ্যমে এ আবেদন করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম পাসপোর্ট ও এনআইডির বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেন শেখ হাসিনা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনকে দেশে ফেরার প্রস্তুতির ক্ষেত্রে তাঁর পক্ষ থেকে নেওয়া এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান। সোমবার তাঁর সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

রয়টার্সের দেখা চিঠিতে বলা হয়েছে, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আবেদনটি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদের অধীনে বাংলাদেশের দায়বদ্ধতা বিবেচনায় নেওয়ার আহ্বানও জানানো হয়েছে চিঠিতে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেখ হাসিনার পতনের আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অন্যদের অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।

বিভিন্ন মেয়াদে মোট ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর দেশে ফেরা রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে। তবে তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন কমার সম্ভাবনাও দেখছে সংবাদমাধ্যমটি।

স্থান:
  • ঢাকা

Related posts

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম

mdjhsagor0099@gmail.com

ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪

mdjhsagor0099@gmail.com

ড. ইউনূসকে হেনস্তা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চরিত্র উন্মোচিত করেছে: নাহিদ ইসলাম

mdjhsagor0099@gmail.com

দলের রাজনৈতিক অবস্থান নিয়ে আপত্তি, এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

Tanvir

গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই: রিজভী

mdjhsagor0099@gmail.com

জনগণের ভোট রক্ষায় সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন