মাদক অপব্যবহার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে রাজধানীর মিরপুরে ক্রিকেট টুর্নামেন্ট ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মডেল একাডেমির এসএসসি ২০১৮ ব্যাচের উদ্যোগে ‘ইয়ুথ অ্যাকশন ডে’ (Youth Action Day) কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খেলাধুলার পাশাপাশি মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Students For Liberty-এর সিনিয়র লোকাল কো-অর্ডিনেটর আনিকা আঞ্জুম। তিনি মাদক অপব্যবহার প্রতিরোধে কার্যকর জননীতি প্রণয়ন, ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সমস্যা মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বাস্তবসম্মত নীতিগত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক লতিফুল বারী। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে সুস্থ জীবনযাপন, খেলাধুলায় অংশগ্রহণ এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পরামর্শ দেন।
এ ছাড়া চিকিৎসক ডা. খন্দকার মেহেরিন মারফি মাদক অপব্যবহারের ফলে সৃষ্ট বিভিন্ন শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি নিয়ে আলোচনা করেন। মাদকাসক্তির সম্ভাব্য স্বাস্থ্যগত জটিলতা সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।
আয়োজকদের মতে, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা যুক্ত করার মাধ্যমে তরুণদের মধ্যে সুস্থ জীবনধারা ও সামাজিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
মডেল একাডেমির এসএসসি ২০১৮ ব্যাচের এ উদ্যোগের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদক অপব্যবহার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়।
- ঢাকা