তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশে মারাত্মক জ্বালানি ও অর্থনৈতিক সংকট তৈরির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত একটি নতুন গবেষণার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, যা যৌথভাবে তৈরি করেছে মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। প্রতিবেদন অনুযায়ী, এলএনজি আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ফলে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।
'এলএনজি নিয়ে শেষ মরিয়া চেষ্টা: বাংলাদেশের জন্য মিডি মাস্টারপ্ল্যান' শীর্ষক এই গবেষণায় বলা হয়, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের আওতায় জীবাশ্ম জ্বালানি উন্নয়নে ২০ বিলিয়ন ডলার খরচ হবে। এছাড়া মহেশখালী ও মাতারবাড়ীতে এলএনজি এবং কয়লাভিত্তিক কেন্দ্রগুলো তাদের পুরো পরিচালনকালে ১ বিলিয়ন টনের বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করবে। এই পরিস্থিতি বিদ্যুৎ বিভ্রাট, উচ্চ মূল্যস্ফীতি ও পোশাক খাতের কার্যক্রমকে ব্যাহত করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাজার বিশ্লেষক সংস্থা মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রান্সজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বিবিসি বাংলাকে জানান, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দেশের জন্য দ্বিমুখী বিপদ আনছে এবং ২০২৭ সালের হিসাব অনুযায়ী বছরে অন্তত ২৫ বিলিয়ন ডলার খরচ হতে পারে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অর্থায়নকারীদের উচিত পুরনো জ্বালানি অবকাঠামোতে অর্থ না দিয়ে বাংলাদেশের ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা।
অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে তবে তা করতে হবে ধাপে ধাপে এবং এর জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ দরকার। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।