মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। উৎপাদন বৃদ্ধি এবং বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা ভূরাজনৈতিক উদ্বেগকে ছাড়িয়ে যাওয়ায় গত বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দর নিম্নমুখী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং আল-জাজিরার প্রতিবেদনের তথ্যানুযায়ী, এই দিন আগের সেশনের মূল্যবৃদ্ধির একাংশ কমে যায়।
বুধবার গ্রিনিচ মান সময় বা জিএমটি ১টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা শূন্য দশমিক পাঁচ শতাংশ কমে ৯০.৯৭ ডলারে নেমে আসে। এছাড়া একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ছয় শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৮১.৫৮ ডলারে দাঁড়ায়।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের এই দুই প্রধান মানদণ্ডের দাম দুই শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল। তবে বাজারের এই মূল্যবৃদ্ধির পর উৎপাদন বৃদ্ধি ও অতিরিক্ত সরবরাহের সম্ভাবনার কারণে বুধবার দাম কিছুটা হ্রাস পেল।