রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মূল অভিযুক্ত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
আদালত রায়ে জানান, প্রধান আসামি সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপরাধ সংঘটনে তাঁর স্ত্রীর সহায়তার কোনো তথ্য বা শব্দ ছিল না। সাক্ষ্য, নথি ও আইনি দিক পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তাঁর ডেথ রেফারেন্স নাকচ এবং জেল আপিল মঞ্জুর করে তাঁকে খালাস দেওয়া হয়। অন্য কোনো মামলায় আটক না থাকলে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৯ মে পল্লবীর একটি ভাড়া বাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা পল্লবী থানায় মামলা করেন। মামলাটির দ্রুত বিচার সম্পন্ন করে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দিয়েছিলেন। বিচারিক আদালতের সেই রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট আজ এই রায় দিলেন।