রোববার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শক এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গত ১৩ নভেম্বর এসআই মোসলেম আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছিলেন। গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সহিংসতা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আয়ুব আলী জানান, ওই মামলায় মোট দুই হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ২২৪ জনের।
এদিকে রোবাবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনেও অগ্নিসংযোগ ও নিচতলার দোকান থেকে মালপত্র লুটপাটের ঘটনা ঘটে। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই এই হামলা ও লুটপাট চালানো হয়েছে।
এর আগে রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুরের পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।