জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো তথ্যে এই পদক্ষেপের বিষয়টি জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নীতির আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং দাঙ্গা প্রতিরোধের প্রস্তুতি হিসেবে পর্যাপ্ত সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার বা এপিসি প্রস্তুত রাখা হয়েছে।
মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও চলাচল নির্বিঘ্ন রাখতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। মাঠের কার্যক্রম সরাসরি তদারকি করতে অধিকাংশ সদস্যের পোশাকে বডি ওর্ন ক্যামেরা যুক্ত রয়েছে এবং ড্রোন ও বিশেষ ডিভাইসের মাধ্যমে সরাসরি ভিডিও সংগ্রহ করে সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অর্পিত যেকোনো দায়িত্ব পালনে বাহিনীটি সর্বদা প্রস্তুত রয়েছে। দায়িত্ব পালনকালে সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সংযম বজায় রাখছেন।