রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারার প্রস্তুতিকালে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার মাহফিলস্থল ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন এবং মাহফিলে আগত মানুষের পকেটমারাই ছিল তাদের উদ্দেশ্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এই তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
আয়োজকদের ধারণা ছিল এই মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। বিপুল মানুষের উপস্থিতি ও অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযান চালিয়ে পকেটমার সন্দেহে এই নারীদের আটক করা হয়েছে।