টিকটকে পরিচয়ের জেরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চৌদ্দ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় এনে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে চেন ইয়ং (৪১) নামের এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ছয় দিন পর মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার চার নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী মানিকগঞ্জ সদর উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। কোনো সন্ধান না পেয়ে পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন। গত মঙ্গলবার রাতে কিশোরী তার বড় বোনের মুঠোফোনে যোগাযোগ করলে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে পুলিশ।
পুলিশের অভিযান চালিয়ে উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত চীনা নাগরিককে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করে। প্রাথমিক তথ্যে জানা যায়, টিকটকে পরিচয়ের পর ওই কিশোরীকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয় এবং পরে ঢাকায় এনে উত্তরার একটি বাসায় আটকে রাখা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চেন ইয়ংকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। বুধবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে ভুক্তভোগী কিশোরীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।